Take a fresh look at your lifestyle.

গৌরনদীতে অবৈধ মজুদ জ্বালানি তেল-সিলিন্ডার জব্দ

১২
লাইসেন্স ছাড়াই অবৈধভাবে ডিজেল, মবিল ও গ্যাস সিলিন্ডার মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলায় এক ব্যবসায়ীর দোকান ও বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে ওই উপজেলার সরিকল ইউনিয়নের প্রত্যন্ত সুনিল সিকদারের হাট সংলগ্ন চরসরিকল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, কোনো ধরনের লাইসেন্স না থাকা সত্ত্বেও অবৈধভাবে জ্বালানি তেল ডিজেল, মবিল ও গ্যাস সিলিন্ডার মজুদ করে চড়া দামে বিক্রি করে আসছিলেন এক ব্যবসায়ী।

গোপন সংবাদের ভিত্তিতে তার দোকান ও বাড়িতে অভিযান চালান বরিশাল জেলার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) সদস্যরা। অভিযানে চরসরিকল গ্রামের আব্দুল করিম সিকদারের ছেলে হালিম সিকদারের দোকান ও বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা ৩০০ লিটার ডিজেল, ২০০ লিটার মবিল ও গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।
 

অভিযান পরিচালনাকারী এনএসআইয়ের বরিশাল জেলা শাখার সদস্যরা জানান, জব্দকৃত পণ্যসহ হালিমকে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান জানান, অবৈধ মজুদের দায়ে হালিমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া লাইসেন্স না করা পর্যন্ত তার ব্যবসা বন্ধ রাখতে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে। জব্দকৃত জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য স্থানীয় এক সমাজসেবকের জিম্মায় দেওয়া হয়েছে। 

Leave A Reply

Your email address will not be published.